চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই আগ্রাবাদে এবার সাত বছরের আরেক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হাতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি কর হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশুকে সড়ক থেকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক যুবক। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত যুবককে গণপিটুনি দেন।
খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ লোকজন পুলিশের কাছ থেকে যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ সেখানে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, “দুপুরে আগ্রাবাদ এলাকায় সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করতে গেলে বাকলিয়ার মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”



শিশু ধর্ষণের অভিযোগে উত্তেজনা: অভিযুক্তকে ঘিরে জনরোষ