হাম ও হামের প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
‘যেসব হাসপাতালে হাম রোগে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সেসব হাসপাতালগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা সতর্ক করছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না। থাকতে হবে।”
ঈদের সময় মায়েরা যেন আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে না যায় সে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাচ্চাগুলো যেন অনেক ভিড় আছে এমন জায়গায়ও নিয়ে না যায়। কারণ এটা হাইলি ছোঁয়াচে রোগ। এটা তো সংস্পর্শে গেলেই, শ্বাস-প্রশ্বাসে, দৈনিক মানে সংস্পর্শ লাগলে এটা ছড়ায়। কাজেই এটা থেকেও সবার সচেতন থাকতে হবে।”
প্রসঙ্গত, হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। (১৫ মার্চ থেকে ২৩ মে) এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ৫১২ শিশু।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।



হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ালো