গাজীপুরের শ্রীপুরে সাত মাসের অন্তঃস্বত্ত্বা শাকিলা আক্তারের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করেছে করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (আনসার রোড) এলাকার আমিনুল ইসলামের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলা আক্তার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের বাসিন্দা।
নিহত নারীর স্বামী রাজু আহম্মেদ রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা। সে স্থানীয় ভিনটেজ ডেনিম লিমিটেড পোশাক কারখানায় চাকরি করে। তার স্ত্রী শাকিলা আক্তার ৭ মাসের অন্তঃস্বত্ত্বা ছিল।
নিহত নারীর বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, প্রায় বছর খানেক আগে মোবাইল ফোনে শাকিলা ও রাজুর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে রাজু বেড়াইদেরচালা এলাকার ওই বাড়িতে ভাড়া বাসায় উঠে। শাকিলা সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিল। তিনি শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছোট বোনের ঝুলন্ত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাত সাড়ে তিনটার দিকে নাকি শাকিলা ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকতো। তাহলে শাকিলা যখন ফাঁসিতে ঝুলে তখন রাজু কোথায় ছিলো।
নিহতের স্বামী রাজু জানান, রাতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে শাকিলা বটি দিয়ে আমার গলায় আঘাত করতে চায়। আমি তাকে ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে রাখি। পরে ছাদে চলে যাই। কিছু সময় পরে এসে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



