যশোরের কেশবপুরের স্থানীয় এক কৃষকের একটি কলাগাছে ৩০টি কলার মোচা ধরেছে। পৌরসভার হাবাসপোল এলাকার কৃষক নসির মোড়লের এই কলাগাছ দেখতে আশপাশের শতশত মানুষ ভিড় জমাচ্ছেন।
রবিবার (২৪ মে) সকালে ওই কৃষকের বাড়িতে গিয়ে দেখা যায়, হাবাসপোল সড়কের পাশে লাগানো একটি বিচি কলা গাছে ৩০টি মোচা বের হয়েছে। মোচাগুলো স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। এক গাছেই ৩০ মোচার খবর ছড়িয়ে পড়ায় স্বচক্ষে দেখার জন্য দূর-দূরান্ত থেকেও মানুষ এসে ভিড় করছে।
উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোচা দেখতে আসা শওকত হোসেন (৫৫) নামে এক ব্যক্তি জানান, তিনি নিজে মোচা হিসাব করে পেয়েছেন ৩০টি।
তার জীবনে এক গাছে এতো কলার মোচা ধরা আর কখনো দেখেনি। প্রতিদিন তার মত অনেকেই ওই গাছে মোচা দেখতে আসছেন, বলে জানান তিনি।
এলাকার সাবেক পৌর কাউন্সিলর আয়ূব খান বলেন, “কৃষক নাসির মোড়লের কলাগাছে একাধিক মোচা বের হওয়ায় তা দেখার জন্য সকাল-সন্ধ্যা মানুষ ভিড় করছে।”
এ ব্যাপারে কলাগাছের মালিক নাসির মোড়ল বলেন, “গত ১৫ দিনের ব্যবধানে গাছটিতে ২৫-৩০টি কলার মোচা বের হয়েছে।”
সব মোচাগুলোই স্বতেজ রয়েছে। মূল মোচাটি বেশ বড় থাকায় ধারণা করা হচ্ছে আরো মোচা বের হবার সম্ভাবনা রয়েছে। কলার মোচা দেখতে আশপাশের শতশত মানুষ আসছে।



