Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুতে এক দিনে ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

মাওয়া প্রান্তে এখন পর্যন্ত যানবাহনের বড় ধরনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি

আপডেট : ২৫ মে ২০২৬, ১০:২২ এএম

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখনো পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এলাকায় কোনো যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক নিয়মেই চলাচল করছে যানবাহন। ঈদের আর মাত্র তিন দিন বাকি থাকলেও মাওয়া প্রান্তে এখন পর্যন্ত যানবাহনের বড় ধরনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২৫ মে) সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।

পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ মে রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫,৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্ত দিয়ে ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৩,২৭৯টি যানবাহন। এই প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে ১,৬৫,৪৭, ৬০০ টাকা, ক্রেডিট টোল ৪০,৬০০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে ২,১৮, ১৫০ টাকা। 

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হওয়া ১২,৭২০টি যানবাহন থেকে নগদ ১,৬৮,৩১,৫৫০ টাকা, ক্রেডিট ৩৪,৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২,২৭,৫০০ টাকা টোল আদায় হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর মাওয়া এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিলেও এবার এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি। ফলে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময় করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

   

About

Popular Links

x