Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোরবানির বাজারে গরু-ছাগলের বয়স বুঝবেন যেভাবে 

বিশেষজ্ঞরা বলছেন, দাঁত দেখে খুব সহজেই পশুর আনুমানিক বয়স নির্ধারণ করা যায়

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:২৩ পিএম

ঈদ-উল-আজহা উপলক্ষে দেশজুড়ে বসেছে পশুর হাট-বাজার। কোরবানির ঈদকে সামনে রেখে হাট-বাজারগুলোতে জমে ওঠে পশু কেনাবেচা। পশুর আকার বা ওজন দেখেই কোরবানির জন্য উপযুক্ত পশু বলা যায় না। কারণ, ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানির পশুর নির্ধারিত বয়স পূর্ণ হওয়া বাধ্যতামূলক। তাই পশু কেনার আগে বয়স যাচাই করা গুরুত্বপূর্ণ। 

বিশেষজ্ঞরা বলছেন, দাঁত দেখে খুব সহজেই পশুর আনুমানিক বয়স নির্ধারণ করা যায়। এ বিষয়ে সচেতন না হলে অনেক সময় ক্রেতারা প্রতারণার শিকার হতে পারেন। 


ইসলামি বিধানে যা আছে- 

ইসলামী শরিয়ত অনুযায়ী, গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর হতে হবে। ছাগল ও ভেড়ার বয়স কমপক্ষে ১ বছর ও উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে। তবে কিছু ক্ষেত্রে শারীরিকভাবে বড় ও হৃষ্টপুষ্ট ভেড়া ৬ মাস পার হলেও কোরবানির উপযোগী ধরা হয় বলে আলেমরা উল্লেখ করেছেন। 

দাঁত দেখে বয়স জানার উপায়- 

পশু বিশেষজ্ঞদের মতে, সামনের নিচের দাঁত পর্যবেক্ষণ করেই বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়। গরু ও মহিষের ক্ষেত্রে সাধারণত গরুর নিচের চোয়ালে ৮টি সামনের দাঁত থাকে। যেভাবে বুঝবেন- ২ বছর বয়সের কাছাকাছি হলে মাঝের দুটি দুধ দাঁত পড়ে স্থায়ী বড় দাঁত ওঠে। আড়াই থেকে ৩ বছরে চারটি বড় দাঁত দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁত বড় ও সমান হয়। 

বিশেষজ্ঞদের মতে , কোরবানির জন্য উপযুক্ত গরুর অন্তত দুটি স্থায়ী দাঁত থাকা উচিত। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ছাগল বা ভেড়ার বয়স এক বছর পূর্ণ হলে সাধারণত সামনের দুটি স্থায়ী দাঁত ওঠে। যদি সব দাঁত ছোট ও সমান থাকে, তাহলে সেটি কম বয়সী হওয়ার সম্ভাবনা বেশি। 

শুধু দাঁত নয়, আর যেসব বিষয় দেখবেন সে বিষয়ে বিশেষজ্ঞরা আরও কিছু লক্ষণের কথা বলেছেন। যেমন- পশুর শরীর স্বাস্থ্যবান ও সক্রিয় কি না, চোখ উজ্জ্বল কি না, চামড়ায় রোগ বা ক্ষত আছে কি না, খুঁড়িয়ে হাঁটে কি না, অতিরিক্ত দুর্বল বা অসুস্থ দেখাচ্ছে কি না।

সতর্ক থাকার আহ্বান- 

বয়স বেশি দেখাতে অনেক সময় পশু বিক্রেতারা বিভিন্ন কৌশল অবলম্বন করেন বলে অভিযোগ রয়েছে। তাই অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে পশু কেনার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা। 

অনেক হাটে এখন প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিমও থাকে, যারা পশুর স্বাস্থ্য ও বয়স সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে। সচেতন ক্রেতাই নিরাপদ কোরবানি নিশ্চিত করতে পারে।

ধর্মীয় বিধান মেনে সঠিক বয়সের পশু কোরবানি দেওয়া গুরুত্বপূর্ণ। তাই পশু কেনার আগে শুধু দাম বা আকৃতি নয়, বয়স ও স্বাস্থ্য যাচাইয়েও সমান গুরুত্ব দিতে হবে বলে মত ইসলামী বিশেষজ্ঞদের। 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিভিন্ন সংবাদমাধ্যম 

   

About

Popular Links

x