Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‌‘ঈদযাত্রায় সড়কে বাড়ছে মৃত্যু, দায় বাস মালিকদের’

মালিক সমিতি বাড়তি ভাড়া না নেওয়ার আশ্বাস দিলেও সেই নির্দেশনা মানা হচ্ছে না

আপডেট : ২৬ মে ২০২৬, ০১:৪৪ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাস মালিকরা, এমন অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, অতিরিক্ত ভাড়ার কারণে নিম্নআয়ের মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করছেন, ফলে সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি।

সোমবার (২৫মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া না নেওয়ার আশ্বাস দিলেও বিভিন্ন রুটে সেই নির্দেশনা মানা হচ্ছে না।

তিনি বলেন, প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় খেটে খাওয়া কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে ও পণ্যবোঝাই ট্রাকে কম ভাড়ায় যাতায়াত করতে বাধ্য হন।

সম্প্রতি চট্টগ্রাম থেকে নওগাঁগামী রডবোঝাই একটি ট্রাক টাঙ্গাইলে উল্টে ১৫ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সংগঠনটি। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, যাদের ঘাম ও শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের জন্য বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।

সংগঠনটি অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতিকে প্রতিশ্রুতি রক্ষা এবং সরকারের কঠোর নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বাসের ছাদে, পণ্যবোঝাই ট্রাকে, খোলা ট্রাকে কিংবা ট্রেনের ছাদে ভ্রমণ না করে নিজের ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে না ফেলার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত সংগঠনটি।

   

About

Popular Links

x