বগুড়ার সারিয়াকান্দিতে ঈদ-উল-আজহার দিনে পারিবারিক কলহে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, ঈদের দিন বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মিমি বেগমের সঙ্গে স্বামী রুবেল মণ্ডলের ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়।
খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হত্যায় জড়িত স্বামী রুবেল মণ্ডলকে গ্রেপ্তার করে। এছাড়া হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়।
রুবেল মণ্ডল উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বেশ কয়েক বছর আগে মিমি বেগমকে বিয়ে করেন।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহত মিমি বেগমের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্বামী রুবেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃত কারণ নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



