বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - পৌর শহরের উলিপুর এলাকার আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম (২০)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আহতরা হলেন - রাজন, সিয়াম, হাসান ও ছামির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে তারা কয়েকটি মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। স্থানীয় বাসিন্দারা আহত পাঁচজনকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তামিম হোসেনের মৃত্যু হয়। বাকি চারজনকে বর্তমানে শজিমেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”



