বগুড়ার কাহালুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী ও নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী দ্রতগতির দুটি মোটরসাইকেল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় নিয়ন্ত্রণ হারালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন নিহত ও একজন আহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে নিহত তিনজনের মরদেহ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেন। আহত একজনকে স্বজনরা নিয়ে গেছেন।
কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আরও কেউ আহত আছে কি না সে সম্পর্কে জানা যায়নি।
কাহালুর বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, দ্রতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।



