ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন।
গত শুক্রবার (২৯ মে) মধ্যরাতে সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে টর্চলাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রায়হান (১৫) ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
এ সময় এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করা কয়েকজন যুবক সেখানে উপস্থিত হয়ে সজীবের কাছে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চান। এতে সজীব রেগে গিয়ে তার পক্ষে কয়েকজন সমর্থককে জড়ো করলে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গভীর রাতে টর্চলাইটের আলো জ্বালিয়ে চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় কিশোর রায়হান। পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তী সংর্ঘষের আশংঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



