Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০ মিনিট বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, ৭ জুন থেকে কার্যকর

সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:২৬ পিএম

যাত্রীদের সুবিধার্থে রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন (রবিবার) থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।  

বুধবার (৩ জুন) মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। উত্তরা ও মতিঝিল - উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন হয়েছে বলে জানান তারা।   

বর্তমানে সপ্তাহের সাতদিনই উত্তরা স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে যায় রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।  

তবে অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হবে না। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা করা হবে। এছাড়া, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন থেকে ঢাকা মেট্রো রেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন হতে মতিঝিল স্টেশনগামী শেষ ট্রেন ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল হতে ১০টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।  

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রো রেল। শুরুতে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল করতো। পরে পর্যায়ক্রমে একটি একটি করে স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি বাড়ানো হয়।

সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রো রেল সেবা চালু হয়।  

   

About

Popular Links

x