ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক আইন ভঙ্গ করেছে, এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ডিএমপি। সংস্থাটি দাবি করেছে, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয়।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সংবাদ সম্মেলনে ট্রাফিক আইন সবার জন্য সমান বলে মন্তব্য করার পর কমিশনারের ফেরার পথে গাড়িবহরের চলাচল নিয়ে যে অভিযোগ উঠেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিন্টো রোড কোনো একমুখী সড়ক নয়; এটি একটি দ্বিমুখী সড়ক। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যারিকেড ব্যবহার করে একটি অস্থায়ী ইউ-টার্ন ব্যবস্থা চালু করা হয়েছে। এটি কোনো স্থায়ী ট্রাফিক নিষেধাজ্ঞা নয়।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, অস্থায়ী এ ব্যবস্থাটি প্রয়োজন অনুযায়ী খুলে দেওয়া ও পুনরায় বন্ধ করা হয় এবং এটি দীর্ঘদিন ধরে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ফলে ঘটনাস্থলে ট্রাফিক আইন লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে সংস্থাটি।
ডিএমপি আরও জানায়, কমিশনারের গাড়িবহরের চলাচল সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। এতে কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ কিংবা ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ঘটেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতিবেদনে ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ একটি পথ শুধুমাত্র কমিশনারের গাড়িবহরের জন্য খুলে দেওয়া হয়েছিল। ডিএমপির দাবি, এ ধরনের উপস্থাপনা প্রকৃত পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।



