Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, ১৫জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন রোকনপুরে ১৫ ব্যক্তিকে নৌকায় করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করায় পুশইন চেষ্টা ব্যর্থ হয়।

এ সময় ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। কয়েক ঘন্টা পর ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বর্তমানে সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা ট্রিবিউনকে বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।”

   

About

Popular Links

x