চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে এক নারী ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এছাড়া হামলায় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলেও জখম হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
তিনি আরও বলেন, “নিহত নারীর স্বামীর সঙ্গে এক আত্মীয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। তবে আমরা প্রতিটি তথ্য খতিয়ে দেখছি।”
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



