Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি নিয়ে বার্তা দিলো বাংলাদেশ

এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সরকারের এই অবস্থানের কথা জানানো হয়েছে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:০৩ পিএম

দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতা কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সরকারের এই ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময় এবং ধারাবাহিকভাবে যেকোনো আন্তর্জাতিক দ্বন্দ্ব ও উত্তেজনা হ্রাসে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। শান্তি চুক্তি চূড়ান্তকরণের এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের আন্তরিক প্রচেষ্টার উচ্চ প্রশংসা করে বাংলাদেশ।

একই সঙ্গে বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, এই গুরুত্বপূর্ণ চুক্তিটি উভয় পক্ষ সদ্ভাবের সঙ্গে পুরোপুরি বাস্তবায়ন করবে, যা বিশ্বমঞ্চে টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে সহায়ক প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা অপরিহার্য। এই চুক্তির সফলতাকে কাজে লাগিয়ে সব পক্ষ আগামীতেও সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। পাশাপাশি এর মাধ্যমে আঞ্চলিক শান্তি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) এবং পারস্পরিক সহযোগিতা দ্রুত পুনরুদ্ধার হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

   

About

Popular Links

x