সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২১ মে) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া এ তথ্য জানান।
জানা যায়, শনিবার রাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আর এসময় ভারতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় আসা শুরু করেছে ঢলের পানিও। এ কারণে রবিবার সকাল থেকে কোনো নৌকা খেয়াঘাট থেকে ছেড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে যায়নি।
ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে এলাকা। ফলে পর্যটকনির্ভর স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। স্রোত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”



