Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্র সজীবকে

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে

আপডেট : ২২ জুন ২০২৬, ০২:০৯ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ। 

রবিবার (২১ জুন) রাত দেড়টায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদীর দেওয়া তথ্যমতে, রবিবার রাত ২ টার পর ঢাকার গোয়েন্দা কার্যালয় থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে কী অভিযোগে আটক করা হয়েছিল বা তার কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে সেটা ঢাকা গোয়েন্দা পুলিশ বলতে পারবে বলেও জানান তিনি। 

এর আগে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সজীবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয় থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। তাকে এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

এদিকে নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সজীবকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। 

একইদিন রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্ম দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

   

About

Popular Links

x