খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ২ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৪ জুন) সকালে ১০টার দিকে মাটিরাঙার তৈকাথান এবং দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতরা হলেন- ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা ও সুজন চাকমা।
পুলিশের দাবি, মাটিরাঙায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হন। অন্যদিকে দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ‘গোলাগুলিতে’ আরেক সদস্যের মৃত্যু হয়েছে।
মাটিরাঙার থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সকালে তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন।”
একই ঘটনায় মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নিহত হন বলে জানান দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।
তবে গোলাগুলির কথা অস্বীকার করে এ সব ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।



