সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের গুঞ্জন থাকলেও, সেই অবস্থান থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। নতুন পরিকল্পনা অনুযায়ী, দুই ধাপে এটি বাস্তবায়ন করা হতে পারে। সব ঠিক থাকলে আগামী মাসের (জুলাই) মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত সরকারি গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন এই পে-স্কেল দুই ধাপে কার্যকরের রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। এর মধ্যে আগামী জুলাই মাস থেকেই মূল বেতনে পে-স্কেল কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে পারে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি।
জানা গেছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত তিনটি পৃথক পে কমিশনের প্রতিবেদন বিস্তারিত পর্যালোচনা শেষে কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক জটিলতা এড়াতে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। নতুন এই ফর্মুলা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকে শতভাগ মূল বেতন (বেসিক) বৃদ্ধি এবং পরবর্তী ২০২৭-২৮ অর্থবছর থেকে অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক পরিকল্পনায় তিন বছরের মেয়াদে ধাপে ধাপে মূল বেতনের ৫০ শতাংশ করে কার্যকর করার এবং তৃতীয় বছরে গিয়ে ভাতা কার্যকর করার কথা ভাবা হয়েছিল। তবে ধাপে ধাপে বেসিক বৃদ্ধি করা হলে নানা ধরনের হিসাবসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তা ছাড়া কিছু গ্রেডের চাকরিজীবীদের বেতন কাঠামো ইতিমধ্যে এমন পর্যায়ে পৌঁছেছে যে, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধি করা হলে তাদের প্রকৃত বেতন বৃদ্ধি হবে খুবই সামান্য। ফলে কর্মচারীদের ক্ষোভ ও জটিলতা এড়াতে শতভাগ বেসিক একবারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শতভাগ বেসিক একযোগে বৃদ্ধি করা হলে বিদ্যমান বিভিন্ন ভাতা কমানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, কিছু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ভাতা সমন্বয় বা কমানো হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিলে কোন কোন খাতে ভাতা কমছে বা পরিবর্তন আসছে, তা পুরোপুরি পরিষ্কার হবে।



