Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উচ্চশব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় কিশোরদের হাতে মার খেলো পুলিশ

ঘটনার সঙ্গে যুক্ত আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বেপরোয়া গতি ও উচ্চ শব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় কয়েকজন কিশোরের বিরুদ্ধে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আটক চার কিশোরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বন্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার আলমডাঙ্গা থানার দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) শোভন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

গ্রেপ্তার কিশোররা হলো,  চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার সাকিব (১৭), আহমেদ হোসেন (১৭), রাজ (১৮) ও আব্দুল (১৬)। ঘটনার সঙ্গে যুক্ত আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ বলছে, শুক্রবার বিকেলে একটি অভিযোগের তদন্ত করতে সাদা পোশাকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে যান এসআই শোভন কুমার ও এএসআই সোহেল রানা। তদন্ত শেষে ফেরার পথে বন্ডবিল এলাকায় ৬ থেকে ৭টি মোটরসাইকেলে ১২ থেকে ১৪ জন কিশোরকে উচ্চ শব্দে বেপরোয়া গতিতে চলাচল করতে দেখেন। আস্তে চালাতে বলায় পুলিশ পরিচয় দেওয়ার পরও তাদের মারধর করে তারা।  

পরে স্থানীয়দের সহযোগিতায় চার কিশোরকে আটক করা হলেও বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী এএসআই সোহেল রানা জানান, পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা আমাদের ওপর দলবদ্ধভাবে হামলা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪ কিশোরের বিরুদ্ধে করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

   

About

Popular Links

x