উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বাড়ছে। এ পরিস্থিতিতে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামের উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এর ফলে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর তালুক শিমুলবাড়ী ও কুড়িগ্রাম সেতু পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
সম্ভাব্য বন্যার কথা বিবেচনায় নিয়ে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছে পাউবো। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র, শুকনো খাবারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বল স্থানগুলো মেরামতের কাজ চলমান রয়েছে।



