Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিউ জিল্যান্ডে প্রথমবার এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

দেশটির একটি সৈকতে পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

নিউ জিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা জানান, ওয়েলিংটনের একটি সৈকতে পাওয়া পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লু গৃহপালিত পাখি ও বন্য পাখির মধ্যে গুরুতর অসুস্থতা এবং ব্যাপক মৃত্যুর কারণ হয়েছে।

নিউ জিল্যান্ডের জৈব নিরাপত্তা (Biosecurity) মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড বলেন, “ওয়েলিংটনের পেটোন সৈকতে একটি বাদামি স্কুয়া সামুদ্রিক পাখি পরীক্ষা করে এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়। ফলে নিউ জিল্যান্ডবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে।”

তিনি বলেন, “বন্য পাখিদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বা ব্যাপক সংখ্যক মারা যাওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।”

প্রতিবেশী অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে এইচ৫ ভাইরাসমুক্ত মহাদেশের একমাত্র ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। তবে, গত জুনে দেশটিতে প্রথমবার এই ভাইরাস শনাক্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ১৪টি সংক্রমণের ঘটনা জানিয়েছে।

নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে বিপন্ন পাঁচটি পাখি প্রজাতি—কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট রক্ষায় প্রজনন সক্ষম পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

দেশটির নাগরিকদের অসুস্থ পাখি দেখতে পেলে কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, নিউ জিল্যান্ডে মানুষ বসবাস শুরু করার আগে সেখানে কোনো স্তন্যপায়ী প্রাণী ছিল না। দেশটির অনেক অনন্য পাখি, যেমন কিউই, উড়তে পারে না।

   

About

Popular Links

x