Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমার সীমান্ত ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, বেড়া নির্মাণের পরিকল্পনা  

১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

মিয়ানমার সীমান্ত বর্তমানে বাংলাদেশের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘‘সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে ১০৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে।’’ 

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘মিয়ানমার সীমান্ত বর্তমানে বাংলাদেশের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এছাড়া আরএসও, আরসা এবং অন্য সশস্ত্র গোষ্ঠীরও তৎপরতা রয়েছে। এসব সংঘাতের প্রভাব অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে।’’ 

মাদক চোরাচালান, সীমান্তের অস্থিতিশীলতা এবং ওপার থেকে ছোড়া গোলাগুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলো বিবেচনায় নিয়ে সরকার ১০৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব করেছে। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। 

ভারত থেকে পুশ-ইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা একজনকেও অবৈধভাবে এখানে পুশ-ইন হতে দিইনি। বিজিবি ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় এখন পর্যন্ত এ ধরনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘কিছু অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলেও সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি।’’ 

   

About

Popular Links

x