টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার (২৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক হাসান উপজেলার বাসিন্দা। সে পেশায় একজন পল্লী চিকিৎসক।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুরের দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় হাসান আদর করার কথা বলে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
পরে শিশুটি গোপনাঙ্গে ব্যথা ও জ্বালাপোড়ার কথা মাকে জানায়। মায়ের প্রশ্নের জবাবে সে ঘটনার বর্ণনা দেয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশুটির মা ও চাচি বিষয়টি জানাতে অভিযুক্তের বাড়িতে গেলে তার মা ও ছোট ভাই তাদের মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা সেখানে গিয়ে হাসানকে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



