বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে নতুন নীতিমালা করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পদ অনুযায়ী বদলির কাজটি হবে তিন জায়গায়।
ফলে এখন থেকে সরকারি কলেজে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির কাজটি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের নেতৃত্বাধীন কমিটি। মাউশির মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটির নেতৃত্বে হবে সরকারি কলেজের সহযোগী অধ্যাপকদের বদলি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটির অধীনে সহযোগী অধ্যাপক, অধ্যাপক, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার সব পদ এবং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বদলি ও পদায়ন হবে।
বদলির আবেদন করবেন যেখানে
সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলি ও পদায়নের জন্য মাউশির সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের সভাপতিত্বে চার সদস্যের কমিটি কাজ করবেন। কমিটির সদস্যরা হলেন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং সংশ্লিষ্ট অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) (সদস্যসচিব)।
দপ্তর ও সংস্থার পদ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের সরকারি প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে এ কমিটির কাছে বদলি বা পদায়নের জন্য আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করে বদলির আদেশ জারি করবে এ কমিটি।
সরকারি কলেজের সহযোগী অধ্যাপকদের বদলি কমিটির সভাপতি হবে মাউশির মহাপরিচালক। এতে সদস্য হবেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ ২/১) এবং মাউশির সহকারী (কলেজ) সদস্যসচিব হবেন। ঢাকা মহানগর, দপ্তর ও সংস্থার পদ ছাড়া সহযোগী অধ্যাপকদের বদলি বা পদায়নের আবেদন যাচাই করে বদলির আদেশ জারি করবে এ কমিটি।
বদলি হতে মানতে হবে যেসব শর্ত
নতুন প্রভাষকেরা চাকরি দুই বছর না হলে বদলির আবেদন করতে পারবেন না। আর অন্যান্য শিক্ষক বা কর্মকর্তাদের একই কর্মস্থলে দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির জন্য আবেদন করতে পারবেন না। যদিও গুরুতর শারীরিক, মানসিক, পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষ দুই বছর পূর্ণ হওয়ার আগে আবেদন করতে পারবেন না।
এ ক্ষেত্রে যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে।
স্বামী-স্ত্রী উভয় চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থল বা নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন করা যাবে।
অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো কর্মকর্তা তার সুবিধামতো স্থানে বদলির আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।
বদলির আবেদন মূল্যায়নে আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত সমস্যা, আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের দুরারোগ্য অসুস্থতা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হবে। উপজেলা বা প্রত্যন্ত এলাকার কলেজে শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হবে।



