বাংলাদেশি নাগরিক সন্দেহে ভারতে এক দম্পতিকে গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ড. নাগেন্দ্রপ্পা নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশ। তবে ভুক্তভোগী দম্পতির জাতীয়তা বা অভিবাসন সম্পর্কিত দাবিগুলোর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা যায়, ঘটনাটি ঘটে গত বুধবার সকালে। ভুক্তভোগী নাসরিনা (২৩) ও তার স্বামী মোহাম্মদ বিলাল রাস্তায় হেঁটে যাওয়ার সময় ওই এলাকার এক ক্লিনিকের মালিক ড. নাগেন্দ্রপ্পা তাদের পথরোধ করেন।
পুলিশে দায়ের করা অভিযোগে নাসরিনা জানান, ওই চিকিৎসক তাদের পূর্বে ভারত থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করেন। এরপর তিনি হিন্দিতে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে নাসরিনাকে টেনে-হেঁচড়ে লাঞ্ছিত করেন।
অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে ড. নাগেন্দ্রপ্পা বিলালের মাথা ও পিঠে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাথাড়ি লাথি মারা হয়। এই ঘটনার বিষয়ে কাউকে জানালে বা থানায় অভিযোগ করলে তাদের প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত এই চিকিৎসক। পরবর্তীতে ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।



