Wednesday, July 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

 সিআইডি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন। 

এ সময় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়।

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনএসআইতে কর্মরত থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি); চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি); র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব); পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন পুলিশ রেঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

   

About

Popular Links

x