সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ৫০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধারকৃত সোনার মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে শতাধিক সোনার বার থাকার সম্ভাবনার কথা জানা ছিল সিআইআইডির কাছে। সে অনুযায়ী অবতরণের পরপরই শুরু হয় তল্লাশি অভিযান।
প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অভিযানের একপর্যায়ে উড়োজাহাজের শৌচাগারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বারগুলোর সন্ধান মেলে। প্রতিটি বারের ওজন ১০ তোলা হিসেবে, মোট ৫০টি বারের ওজন দাঁড়ায় ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।
সিআইআইডি সূত্রে জানা গেছে, সোনাগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হয়নি বরং উড়োজাহাজের শৌচাগারের ভেতরে গোপনে রাখা হয়েছিল। কীভাবে সোনাগুলো সেখানে রাখা হলো, এর সঙ্গে কারা জড়িত এবং বিমানবন্দর থেকে সেগুলো বের করে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল কি না এসব বিষয় এখন তদন্ত করে দেখা হচ্ছে।
এনবিআর জানিয়েছে, সোনা চোরাচালানের বড় চালান শনাক্ত ও জব্দ করার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে সিআইআইডির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



