ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে এ সপ্তাহের শুরুতে পদত্যাগপত্র জমা দেন তিনি।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর থেকে নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না আদিল চৌধুরী।
এর আগে, গত বছরের ৭ জুলাই আদিল চৌধুরী তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন।
তার আগের দায়িত্বপ্রাপ্ত এমডি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছিলেন।
আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান ও আমানত প্রত্যাহারের চাপে থাকা ন্যাশনাল ব্যাংককে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঢাকার পান্থপথে নির্মীয়মান “টুইন টাওয়ার” ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে।
২০২২ সাল থেকে প্রতিবছর লোকসান থাকা ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮,৯০০ কোটি টাকায় পৌঁছেছে।
আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারায়।



