Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশ

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের অনিষ্পন্ন আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২ আগস্ট) জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট পিটিশনটি দায়ের করে।

রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ জানান, শুনানি শেষে আদালত প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের অনিষ্পন্ন আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এসব আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

এইচআরপিবির পক্ষে রিট আবেদনকারীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ ও অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

রিটে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।

মনজিল মোরসেদ আরও জানান, অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের অনিষ্পন্ন নবায়ন আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

অপর এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি দিয়ে বিভিন্ন দেশে বাংলাদেশের হাইকমিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের জমা দেওয়া নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিতে বলা হয়েছে।

একইসঙ্গে ৩০ দিনের মধ্যে আদালতে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x