রাজধানীর উত্তরখান-রাজাবাড়ি এলাকায় পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর ‘হামলার’ অভিযোগ উঠেছে।
রবিবার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মির্জা তারেক আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ।
ডিএনসিসির বার্তায় বলা হয়, “উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় কিছু ‘সন্ত্রাসী’ অতর্কিত আক্রমণ করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। কিন্তু সেখানে হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।”
এই ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার।



