Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের নামাজের কক্ষে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে ছাদের নামাজের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাদের নামাজের কক্ষে সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আরিফের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ভবনটির কেয়ারটেকার মো. ইছার আলী জানান, সকালে আরিফকে ভবনের নিচতলা থেকে ওপরে উঠতে দেখেন তিনি। কিছুক্ষণ পর ছাদের নামাজের কক্ষের দিক থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, গত কিছুদিন ধরে আরিফ মানসিকভাবে বিষণ্ন ও অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি চুপচাপ থাকতেন এবং সহকর্মীদের সঙ্গে তেমন কথা বলতেন না। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

নিহত আরিফ সরদারের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর সরদারপাড়া এলাকায়। বর্তমানে রাজধানীর সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

   

About

Popular Links

x