Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোজাফফর হোসেনের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে ট্রাইব্যুনালের চিঠি

তদন্তের স্বার্থে যোগাযোগের তথ্য এবং মুছে ফেলা বার্তাগুলো উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্তের স্বার্থে তার যোগাযোগের তথ্য এবং মুছে ফেলা বার্তাগুলো উদ্ধার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোজাফফর হোসেন তার ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এছাড়া কয়েকটি নির্দিষ্ট ফেসবুক গ্রুপেও তার সক্রিয় যোগাযোগের তথ্য রয়েছে। এসব কথোপকথনের রেকর্ড এবং সম্ভাব্য মুছে ফেলা বার্তা উদ্ধারে মেটার সহযোগিতা চেয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তদন্তে ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রভাবশালী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তার দাবি, গত ১৬ বছর ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং পলাতক অবস্থায় মোজাফফর একাধিকবার প্রতিবেশী দেশে যাতায়াত করেছেন।

প্রসঙ্গত, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৬ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীও বর্তমানে হেফাজতে রয়েছেন।

বর্তমানে মোজাফফর হোসেন ট্রাইব্যুনালের নির্দেশে সেনা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি দেওয়া হলেও তদন্ত সংস্থা এখনো আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ শুরু করেনি।

   

About

Popular Links

x