Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্কিন রাষ্ট্রদূত: বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ

বরিশাল প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে নিজের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

প্রথমবারের মতো বরিশাল সফরে এসে এ অঞ্চলের নদী, গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য ও সাধারণ মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার দুপুরে বরিশাল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নিজের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। নগরীর কীর্তনখোলা নদীতে এমভি এম খান-৭ লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরের অনুভূতি জানিয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, "বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এখানে এটিই আমার প্রথম সফর। ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেছি।"

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও সুদৃঢ়। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের সবচেয়ে বড় ও প্রধান একক ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র।"

মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী ভবিষ্যতে ক্রিস্টেনসেন আবারও বরিশালের সৌন্দর্য উপভোগ করতে আসবেন বলে আশা প্রকাশ করেন।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x