বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি সংবাদমাধ্যমকে জানান, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও এটা হতে পারে।
এ সময় পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের বলেন, “চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।”
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন ধরে ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ছিলেন। এছাড়া তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সাবেক ব্যুরো প্রধান হিসেবে মাঝেমধ্যেই তিনি দৈনিক সমকাল অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।
সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী বলেন, “পুলক চ্যাটার্জি তার স্ত্রীর ফোন ধরছিলেন না। বিষয়টি পুলকের স্ত্রী আমাকে জানান। এরপর শুক্রবার সন্ধ্যায় অফিসে আসি। তখন অফিসের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানাই। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।”
তিনি আরও বলেন, “সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির অনুরোধে অফিসের একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। ঘটনার সময় পিয়ন দীপক অফিসে ছিলেন না। তিনি ছুটিতে ছিলেন। অফিসে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না।”



