দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সারাদেশে লোডশেডিংয়ের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ১১টার দিকে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ করে ত্রুটি শনাক্তের কাজ শুরু করা হয়। বর্তমানে প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে।
জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
এদিকে, বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
দিনাজপুরের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির এক ও দুই নম্বর ইউনিট বন্ধ থাকলেও তিন নম্বর ইউনিট চালু রয়েছে।
এর আগে, ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মেরামতের পর ২ আগস্ট এটি পুনরায় চালু করা হয়।
প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে এক ও দুই নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।



