চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) দুপুরে গ্রেফতারের পর আটক ইমামকে চাঁদপুর আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার দেবপুর জামে মসজিদে কর্মরত মোজাম্মেল হক নামে ওই ইমাম ধর্ষণের পর প্রায় গত ৫ মাস পলাতক ছিল। গ্রেফতারকৃত মোজাম্মেল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বাসিন্দা।
হাজীগঞ্জ থানা সূত্র জানা যায়, ধর্ষিতার বাবা অন্ধ হওয়ায় স্ত্রীকে সাথে নিয়ে দিনের বেলায় হাজীগঞ্জ বাজারে ভিক্ষা করেন। প্রতিবন্ধীর পরিবারের সরলতার সুযোগে ইমাম মোজাম্মেল হক মেয়েকে ইংরেজি পড়ানোর কথা বলে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। গত ১৭ নভেম্বর মেয়েটিকে ভালোভাবে পড়ানোর কথা বলে হাজীগঞ্জ বাজারে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। পরে মেয়েটিকে ধর্ষণ করে ওই ইমাম। সোমবার সকালে এ ঘটনার ৬ মাস পর হাজীগঞ্জ বাজারে ধর্ষক ইমামকে দেখে ধরে ফেলে ভিক্ষুক মা। পরে স্থানীয় জনতা ইমামকে পুলিশের হাতে তুলে দেয়।
হাজীগঞ্জ থানা ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, “মেয়েটিকে ইংরেজি পড়ানোর নাম করে ইমাম সরলতার সুযোগ নেয়। ওই ইমাম একটি বাসা ভাড়া নিয়ে মাত্র ৫০০ টাকা দিয়ে এক দিন ছিল ওই ফ্ল্যাটে।”
তিনি আরো জানান, “ধর্ষিতা মেয়েটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।”



