নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার আরোহী মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমনসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার ৭ টার দিকে কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি অটোরিকশায় চড়ে কানকিরহাটের উদ্দেশ্যে রওনা হন।
পথে একটি দ্রুতগতির মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে অটোরিকশায় থাকা ইউপি চেয়ারম্যান, তার সহযাত্রী মোশাররফ হোসেন ও অটোরিকশাচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রওনা দিলে রাত সাড় আটটার দিকে মোশাররফ হোসেন মজুমদার মারা যান।
নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত ও এক বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



