Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

পানি রাখার পাত্রে ফেলে নবজাতককে হত্যার অভিযোগ

এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মায়ের বিরুদ্ধে ১৪ দিন বয়সী নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নারী বাবার বাড়ি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে হয় ওই নারীর। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সোমবার সন্ধ্যা থেকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি বলেন, পেছন থেকে তাকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে বলেন, জিনে নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজির একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। নবজাতক অতিরিক্ত কান্নাকাটির কারণে এমন করেছেন বলেও জানান তিনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x