Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিক্ষার্থীরা হলেন, গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই এলাকার এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাসিব ও সাব্বির মোটরসাইকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের কাশিমপুর বাঁক নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এর ফলে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক ওই মুহূর্তে অন্য আরেকটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই তরুণ।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, “দুপুরের দিকে কাশিমপুর বাঁকে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।”

ওসি সুজন মিঞা আরও জানান, ঘটনার পর চাপা ট্রাক দুইটিকে শনাক্ত এবং চালকদের আটকে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x