Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর সাথে ঝগড়া, জাল টাকা সহ স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

তার বিরুদ্ধে এর আগেও জাল টাকাসংক্রান্ত দুটি মামলা রয়েছে

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর দেওয়া খবরের ভিত্তিতে ৫৪টি ৫০০ টাকার জাল নোটসহ (মোট ২৭ হাজার টাকা) শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা-পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও জাল টাকাসংক্রান্ত দুটি মামলা রয়েছে এবং সেসব মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে ৯৯৯ নম্বরে ফোন করেন শাহ আলমের স্ত্রী জান্নাত আরা বেগম। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলমকে একটি কক্ষে অবরুদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে স্ত্রীর অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, স্ত্রী জান্নাত আরা বেগম অভিযোগ করেছেন যে শাহ আলম তাকে বেআইনি জাল টাকার কারবারে যুক্ত হতে মানসিক চাপ দিচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, জাল নোট সরবরাহ ও এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

   

About

Popular Links

x