Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতা নিউমার্কেটের কাছে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছে আটজন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি।

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

কলকাতা পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রথমে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, হোটেল ও ভবনটি থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ভবনের ভেতরে ধোঁয়া জমে যায়। এ কারণে ওপরের তলাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়। ভবনটির সরু প্রবেশপথ ও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টিও সামনে এসেছে। জরুরি বহির্গমন পথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রাথমিকভাবে হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও নিহতদের বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি যাচাই করছেন। প্রাথমিক পর্যায়ে অন্তত আটজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিহত নয়জনকেই বাংলাদেশি বলে উল্লেখ করা হয়েছে।

মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং শহরের আবাসিক হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

   

About

Popular Links

x