Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন

জাতীয় সংসদের চিফ হুইপ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হবে।

আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যে জোটের অলি আহমদ।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

চিফ হুইফ বলেন, “আগামী ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের দিক থেকে প্রস্তুতিতে কোনো অসুবিধা নেই।”

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচনি কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে। ভোটের পরে আমরা সেখানে তাৎক্ষণিকভাবে গণনা শুরু করব। গণনার পরে হিসেবে আমি যে ফল ঘোষণা করব, সেটাই আইন অনুযায়ী চূড়ান্ত।

তিনি বলেন, “ভোট শেষেই সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করবো আমি। এরপরই ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।”

এবার ৩৪৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে বিএনপির ২৪৭ জন, জামায়াতের ৭৭ জন এবং প্রতিনিধিত্বকারী বাকি দল ও স্বতন্ত্র সংসদ সদস্য ভোটার রয়েছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপ্রধান।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদের পৌনে দুই বছর বাকি থাকতে পদত্যাগ করেন। এ পদে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

   

About

Popular Links

x