চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দ্রুতগতির লরির ধাক্কায় ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।
শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে মীরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।
শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের পুত্র এবং আব্দুল্লাহ আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে দ্রুতগতির লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে শুভ নিহত হয়। ওমরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, ওরা দুইজন পরস্পরের বন্ধু ছিল। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করত। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে গিয়েছিল বারৈয়ারহাট। সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুতগতির লরির ধাক্কায় দুজনই মারা গেছেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



