জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করেছে।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়া পৃথক একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরও ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।
আদেশে বলা হয়, এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হলো।
এছাড়া বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা তার পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।



