বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রমিকদের বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে যাতায়াত করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহী বাস টার্মিনালে এসে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
বাসশ্রমিক শামীম জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাটোরের বাসশ্রমিকেরা রাজশাহী-দর্শনা রুটের একটি বাসের যাত্রী নামিয়ে তাদের নিজেদের বাসে তুলে দেন। পরে বাসটি আটকে রাখা হয়। এ ঘটনার জেরেই শুক্রবার বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সকাল থেকে নাটোরের ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টি জানতে তিনি বাস টার্মিনালে যাচ্ছেন।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, “রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়া নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকেরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এর জেরেই রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।”
তবে ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানান তিনি।



