ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পণ্যসহ একটি বড় নৌকা ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া পৌরশহরের বড়বাজার নৌঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে বড় আকারের নৌকাটি সকাল সাড়ে ৬টার দিকে বড়বাজার নৌ-ঘাটে ভেড়ানোর চেষ্টা করছিল। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় মাঝি নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নৌকাটি একটি মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে উল্টে যায় এবং দোকানিদের অধিকাংশ মালামাল নদীর পানিতে তলিয়ে ও ভেসে যায়।
বড়বাজারের এক ইজারাদার সাংবাদিকদের জানান, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। স্থানীয় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, নৌকায় থাকা মালামালের মোট মূল্য দেড় কোটি টাকারও বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, নৌকাটিতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত পণ্য বোঝাই করা হয়েছিল। ঘাটে ভেড়ানোর সময় প্রবল স্রোতের কারণে মাঝি নৌকার নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি মন্তব্য করেন।



