নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশ।
আটক সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা সাদিয়াকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে এনসিপির নেত্রকোনা জেলা শাখার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনো সম্পূর্ণ অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে তার দায় সংগঠন নেবে না, এটি সংশ্লিষ্ট ব্যক্তির একান্ত ব্যক্তিগত দায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, “সাদিয়া আক্তার সত্যিই এই অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।“
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে তারা জেনেছেন সাদিয়া আক্তার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন। বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



