Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন তিনি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন খলিলুর রহমান।

বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ৮০তম অধিবেশনের সমাপ্তির পর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।

শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে খলিলুর রহমানের।

তার এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আবারও কোনো বাংলাদেশি দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

চলতি বছরের ২ জুন গোপন ব্যালটে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পান ৯১ ভোট।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী এবারের সাধারণ পরিষদের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

   

About

Popular Links

x